স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের দিন শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। জেলায় খেলা শুরু হবে ১৭ মার্চ। যেসব জেলায় খেলা হবে সেখানে স্বাধীনবাংলা ফুটবলের খেলোয়াড়রা মাঠে থাকবেন। আগামী প্রজন্মের খেলোয়াড়দের উজ্জীবিত করতে বাফুফে এমন উদ্যোগ নিয়েছে। দেশব্যাপী হবে টুর্নামেন্ট যখন যেখানে খেলা হবে সেখানেই বাফুফের দূত হিসেবে যাবেন স্বাধীনবাংলা ফুটবল দলের সদস্যরা। গতকাল বাফুফের সঙ্গে স্বাধীনবাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না, ৭৭ লিগ চ্যাম্পিয়ন আবাহনীর সাবেক অধিনায়ক আশরাফ, স্ট্রাইকার নওশের, সাইদুর রহমান প্যাটেল এবং বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন। কে কখন কোথায় যাবেন সেটি চূড়ান্ত হয়নি।
বাফুফে জানিয়েছে ৬৪ জেলায় খেলা হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। সব শেষে ঢাকায় খেলা হবে। জেলা ফুটবলকে চাঙ্গা করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এক জেলা অন্য জেলায় গিয়ে ফুটবল খেললে সেখানে জেলায় জেলায় প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। সমর্থকরাও নিজ জেলার খবর রাখবেন। উত্সাহী হবেন দলের খবরাখবরে। শুধু তাই নয় নতুন নতুন খেলোয়াড়ের সন্ধানও পাওয়া যাবে। বাফুফে মনে করছে জাতীয় চ্যাম্পিয়নশিপ দেশের ফুটবলে ব্যাপক সাড়া ফেলবে। কয়েক হাজার ফুটবলারের পা পড়বে মাঠে। বাফুফে এই টুর্নামেন্ট নিয়ে বেশ সোচ্চার। খেলাটা যেন ভালোভাবে পরিচালিত হয় তার জন্য ম্যাচ রেফারিদের নিয়ে এরই মধ্যে একটি সেমিনারও করে ফেলেছে। তবে কঠিন শর্ত হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগে খেলেছেন এমন কোনো খেলোয়াড় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন না।
