কাউনিয়ায় অরক্ষিত ১০ রেলক্রসিং

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৮

বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলায় ১০ রেলক্রসিং মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এসব রেলক্রসিংয়ের রাস্তা দিয়ে দিন-রাত মানুষ ও গবাদি পশু চলাচল করলেও নেই কোনো পাহারাদার বা গেটম্যান। এতে বড়ো ধরনের দুর্ঘটনা ও প্রাণহানীর আশঙ্কা দেখা দিয়েছে।  জানা গেছে, কাউনিয়ার রেল জংশন পথে উত্তরের দুই জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ রংপুর বিভাগের আট জেলার মানুষ রাজধানী ঢাকা ছাড়াও বিভিন্ন স্থানে যাতায়াত করে। এই রেল জংশন দিয়ে তিনটি আন্তঃনগর ট্রেন মিলে ২১টি ট্রেন যাতায়াত করছে। রেল দুর্ঘটনা ঘটেছে রংপুরের কাউনিয়া উপজেলার থানা রেলক্রসিং, খোপাতী তপসী ডাঙ্গা, পাঞ্জর ভাঙ্গা, শহীদবাগ বাজার, বুদ্ধির বাজার বাঁধের রাস্তা, রাজেন্দ্র বাজার গদাই স্কুলের পাড়, মহেশা রেল ঘুন্টি, মৌল রেলক্রসিং, বল্লভ বিষু চেয়ারম্যানবাড়ী রেলক্রসিংয়ে।

এ ব্যাপারে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার উলফূত আরা বেগম জানান, উপজেলায় ১২টি রেলক্রসিং রাস্তা ছিল। একটি বড়ো ধরনের রেল দুর্ঘটনা হলে, রেল কর্তৃপক্ষকে জানানোর পর দুইটি রেলক্রসিং তৈরি করে দিয়েছে। এখনো ১০টি রেলক্রসিং অরক্ষিত রয়েছে। এ বিষয়ে কাউনিয়া উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা সভায় অনেক আলোচনা ও সিদ্ধান্ত হলেও কাজ হয়নি। সভার সিদ্ধান্তের কার্যকরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কাউনিয়া রেল জংশন স্টেশন মাস্টার আব্দুর রশীদ জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কাউনিয়া সদর বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আনছার আলী বলেন, রেল কর্তৃপক্ষের রেলক্রসিং নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।

রাজেন্দ্র বাজার গদাই স্কুলের পাড় এলাকার বাসিন্দা সহকারী অধ্যাপক সাহাজান বলেন, অনেকবার রেলওয়ে অফিসারদের মৌখিকভাবে জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। বড়ো ধরনের দুর্ঘটনা ও প্রাণহানীর ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হচ্ছে সাধারণ মানুষ।