সন্তোষপুর বনের চার খুঁটিতে লাগানো হয়েছে কভারিং তার

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৯

আহত তিন বানর উদ্ধার

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়ীয়ার সংরক্ষিত সন্তোষপুর বনে বিদ্যুতায়িত হয়ে আহত তিনটি বানর উদ্ধার করে চিকিত্সার জন্য নিয়ে গেছে বনবিভাগের বন্যপ্রাণী ইউনিট। এদিকে বনের ভেতর দিয়ে যাওয়া হাইভোল্টেজের বিদ্যুত্ লাইনের চার খুঁটিতে সিলভার তার পরিবর্তন করে কভারিং তার লাগিয়েছে পল্লী বিদ্যুত্ সমিতি।

সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতি ও শুক্রবার দুদিন অভিযান চালিয়ে বন বিভাগের বন্যপ্রাণী ইউনিটের চার সদস্যের একটি টিম আহত তিনটি বানরকে উদ্ধার করে বঙ্গবন্ধু সাফারী পার্কে চিকিত্সার জন্য নিয়ে গেছে। চিকিত্সা শেষে আবার সন্তোষপুর বনে ছেড়ে দেওয়া হবে। মুক্তাগাছা পল্লী বিদ্যুত্ সমিতির জিএম মকবুল হোসেন জানান, বনের যে স্থান দিয়ে বানরগুলো বেশি চলাচল করে সেখানের চারটি খুঁটির ১৪০ মিটার  সিলভার তার পরিবর্তন করে কভার তার লাগানো হয়েছে। কভার তার লাগানোর পর নতুন করে কোনো বানর আহত হয়নি বলে বন বিভাগ নিশ্চিত করেছে। উল্লেখ্য, সন্তোষপুর বনের ভেতর দিয়ে পল্লী বিদ্যুত্ সমিতির কভারবিহীন তারে বিদ্যুত্ সংযোগ দেওয়ার পর বিদ্যুতায়িত হয়ে একটি বানর মারা যায়। আহত হয় ৮/১০টি।