ক্ষতিগ্রস্ত কৃষক
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
তীব্র শীত আর লাগাতার ঘন কুয়াশায় আলুর আবাদ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন দিনাজপুরের কৃষকেরা। পচন আর পোকা দমনে বিষ প্রয়োগ করেও লাভ হচ্ছে না। ঘন কুয়াশায় গাছে পচন দেখা দেওয়ায় বাধ্য হয়ে কৃষকেরা পরিপক্ব না হতেই আলু তুলে নিতে শুরু করেন। এতে ফলন কিছুটা কমে যায়। তবে ফলন কম হলেও দাম ভালো পাওয়ায় কৃষকেরা সন্তুষ্ট। নিয়মিত মৌসুমের আলুগাছেও পচন ধরতে শুরু করেছে। এই আলু উঠতে আরো দেড় থেকে দুই মাস লেগে যাবে। পচন ঠেকাতে কৃষকেরা নিয়মিত বিষ ও ভিটামিন প্রয়োগ করছেন। দিনাজপুরের বিরল উপজেলার মাঝাডাঙ্গা গ্রামের কৃষক মোস্তফা কামাল বলেন, ‘চুক্তির ভিত্তিতে প্রায় সাত বিঘা জমিতে আলুর আগাম চাষ করি। প্রচণ্ড কুয়াশায় আলুতে পচন ধরে যায়।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক কৃষিবিদ মো. তৌহিদুল ইকবাল আলুখেতে পচন ধরার বিষয়টি নিশ্চিত করে বলেন, এর প্রতিকারের জন্য নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
