বরিশাল অফিস
জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের সহায়তাকারী সুমনকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক রিমনকে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ একটি টিম অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে দুই জনকে আসামি করে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, ঐ শিশুর বাড়ির প্রতিবেশী নোমান মাস্টারের ঘরে থেকে রিমন ও সুমন পড়াশুনা করত। গ্রেফতারকৃত সুমন এসএসসি পরীক্ষার্থী ও ধর্ষক রিমন নবম শ্রেণির ছাত্র। শুক্রবার বিকালে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে রিমন ঘরে ডেকে নেয়। এরপর সুমনের সহযোগিতায় রিমন শিশুটিকে ধর্ষণ করে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ধর্ষণে সহায়তাকারী সুমনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষক রিমনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
