ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী ক্রমেই চরে পরিণত হতে যাচ্ছে। ইংরেজ শাসনামলে চাতলপাড়ের ব্যাপক পরিচিতি ছিল এবং এখানে ছিল স্টিমার বন্দরও। এক দশক আগেও এই রুটে পণ্যবাহী কার্গো, স্টিমারসহ বড়ো জাহাজ দেশের বিভিন্ন প্রান্ত হয়ে ভারতের করিমগঞ্জ পর্যন্ত যাতায়াত করত। এখন চিত্র সম্পূর্ণ ভিন্ন। চাতলপাড়ের উজানে নোয়াগাঁও হয়ে বাঙ্গালপাড়া পর্যন্ত বিশাল চর নদীর গতিপথ বদলে দিচ্ছে, চাতলপাড়ের ভাটিতে ফকিরদিয়া পর্যন্ত বিশাল চর ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। এতে এতদাঞ্চলের কৃষি ও জলবায়ু বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায়, এ এলাকার কৃষি ও কৃষককে বাঁচাতে নদীটির খনন একান্ত জরুরি। বিষয়টি বিশেষভাবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শেখ আবুল খায়ের আনছারী
চাতলপাড়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়া
