ঢাকায় বিশ্ব চলচ্চিত্রের উত্সব শুরু

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২২:২৮

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব-২০১৯’ এর। গতকাল শুরু হওয়া নয়দিনব্যাপী উত্সব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। উত্সব আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। গত সাতাশ বছর ধরে এই উত্সবের আয়োজন করে আসছে সংগঠনটি। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এ শ্লোগান নিয়ে আয়োজিত উত্সবে ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র দেখানো হবে।

গতকাল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজনের শুরুতেই মণিপুরি নৃত্য পরিবেশন করে মণিপুরি থিয়েটার। ‘সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান’ সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করেন অন্য নৃত্য শিল্পীরা।

শনিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উত্সবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন উত্সবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগের জুরি জোয়ানা কস-ক্রাউজে। সভাপতিত্ব করেন উত্সবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্সবের কার্যকরী সদস্য ম. হামিদ। স্বাগত বক্তব্য রাখেন উত্সব পরিচালক আহমেদ মুজতবা জামাল। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় ‘উইন্ডো টু দ্য সি’। স্পেন ও গ্রীসের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মিগুয়েল অ্যাঞ্জেল জিমেনেজ।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, বিশ্বের নামকরা চলচ্চিত্রের সাথে তাল মিলিয়ে দেশের চলচ্চিত্র ক্রমান্বয়ে উন্নতি করছে। চলচ্চিত্র বিনোদনের পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যাকে আমাদের সামনে তুলে ধরে এবং তা থেকে পরিত্রাণের উপায়ও কিছু ক্ষেত্রে বুঝিয়ে দেয়। এসময় তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জীবন নিয়েও চলচ্চিত্র তৈরির আহবান জানান।

উত্সবের অংশ হিসেবে আজ রবিবার থেকে দুদিনে চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। ঢাকা ক্লাবের ২য় তলায় এই কনফারেন্সটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

উত্সবের ২২০টির মধ্যে পূর্ণদৈর্ঘ্য (৭০ মিনিটের বেশি) চলচ্চিত্রের সংখ্যা ১১৭টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ১০৩টি। বাংলাদেশের চলচ্চিত্র আছে ২৬টি যার মধ্যে ১৮টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং ৮টি পূর্ণদৈর্ঘ্য।

উত্সবে চলচ্চিত্র প্রদর্শন করা হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, অঁলিয়স ফ্রঁয়েজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল ও স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কোয়ারে।

এর মধ্যে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, মধুমিতা সিনেমা হল ও স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কোয়ারে দর্শনীর বিনিময়ে মুভি দেখা যাবে। বাকি প্রতিটি হলে বিনামূল্যে মুভি দেখা যাবে। এছাড়াও জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে মুভি দেখতে পারবেন। তাছাড়া এ দুটি সময়ে টিকিটের দাম নেওয়া হবে জনপ্রতি ৫০টাকা।