মিরপুরের শাহ আলীর মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ডিএনসিসি নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এর আগে তিনি শাহ আলী মাজারের রওজা মোবারক জিয়ারত করে মোনাজাত করেন। এ সময় স্থানীয় এমপি আসলামুল হক আসলাম ও মোহাম্মদপুর এলাকার এমপি সাদেক খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এসএ মান্নান কচিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি মিরপুর ১ নম্বর ও গোদারাঘাট এলাকায় জনসংযোগ করেন।
আতিকুল ইসলাম তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা ব্যক্ত করে বলেন, একটি জনবান্ধব নগরী গড়ার লক্ষ্য নিয়ে ৯ মাস কাজ করেছেন, সামনেও করতে চান। নারীবান্ধব শহর হবে সবার প্রিয় এই ঢাকা। জলাবদ্ধতার নিরসন হবে, যানজট দূর হবে। তিনি বলেন, ‘আপনারা জানেন নগরকে আলোকিত করতে আমি প্রায় ৪৪ হাজার এলইডি বাতি স্থাপনের কাজ শুরু করেছিলাম। এ ধরনের উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে। আমি ব্যক্তি আতিক আর নেই। আমি এখন আওয়ামী লীগের আতিক। আওয়ামী লীগ দেশব্যাপী কী উন্নয়ন করেছে আপনারা জানেন। এই শহরের অনেক উন্নয়ন হয়েছে। সেগুলো অব্যাহত রাখতে আওয়ামী লীগের ওপর আপনাদের আস্থা থেকে আমাকে ভোট দিন।’
বিকালে মিরপুরের দুয়ারীপাড়া, চিড়িয়াখানা, পাইকপাড়া ও টোলারবাগ এলাকায় জনসংযোগ করেন। এ সময় আতিকুল ইসলাম সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও এলাকাবাসীর সমস্যার কথা শোনেন। কয়েকটি পথসভায়ও বক্তব্য দেন। তিনি বলেন, গত ৯ মাস ডিএনসিসির মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ডিএনসিসি এলাকার সমস্যাগুলো চিহ্নিত করেছেন। সে অনুযায়ী কাজও শুরু করেছেন।
