দলের নেতাকর্মী এবং ভোটারদের ঐক্য বজায় রেখে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেছেন, আপনারা মানসিক ও শারীরিকভাবে ঐক্য বজায় রাখবেন, শক্ত থাকবেন। বাসযোগ্য ঢাকা গড়তে ভয়ভীতি উপেক্ষা করে ৩০ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার বিজয় নিশ্চিত করতে হবে।
শনিবার সকালে রাজধানীর উত্তরখানের ৫০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী (ঘুড়ি প্রতীক) দেওয়ান মো. নাজিমুদ্দিনকে পরিচয় করিয়ে দেন তিনি। তাবিথ আউয়াল বলেন, যে ভোট ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে দিতে পারেননি, আগামী ৩০ জানুয়ারি ভোট দিয়ে এ সরকারের বিরুদ্ধে তার জবাব দেবেন। তাবিথ গতকাল ১৭, ৪৫, ৪৬, ৫০ ও ৪৭ নং ওয়ার্ডের আওতাধীন উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকা থেকে সকালে নির্বাচনী প্রচার শুরু করে উত্তরখানের দেওয়ানবাড়ি, চৈতি গার্মেন্টস এলাকা, মাজার রোড, চামুরখান, ময়নারটেক, মাস্টারবাড়ি, আটপাড়া, ফায়েদাবাদ চৌরাস্তা, খিলক্ষেত বাজার এলাকায় গণসংযোগ করেন। হাজার হাজার নেতা-কর্মী, সমর্থক তার সঙ্গে যোগ দেন। বিভিন্ন বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শত শত মানুষ বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা জানান। তাবিথ হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। গণসংযোগকালে উত্তরখানের শাহ কবির মাজার জিয়ারত করেন তিনি। পুনরায় গণসংযোগকালে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ প্রার্থী জয়নুল আবেদীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ভোট চান।
