সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিহারিদের পুনর্বাসনে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি বিশ্বস্বীকৃত, কিন্তু বিএনপি ঐ আধুনিক ব্যবস্থা চায় না। তাই ডিজিটাল পদ্ধতির বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন ঐ দলের নেতারা।
গতকাল শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে ফাইভ স্টার মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
সেতুমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করে বলেন, উত্তরের জনপদে তার বাড়ি। এই জনপদের মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছে অথচ তিনি ঢাকায় বসে আছেন। তিনি জনগণের পাশে নেই। কাদের বলেন, সরকার ও আওয়ামী লীগ শীতার্ত মানুষের পাশে রয়েছে। উত্তরের ৫০ হাজার মানুষকে শীতে কম্বল দেওয়া হচ্ছে। মন্ত্রী আরো বলেন, উত্তরাঞ্চলের মানুষকে প্রধানমন্ত্রী খুব ভালোবাসেন। এজন্য কেন্দ্রীয় কমিটিতে দুজন নেত্রীকে স্থান দিয়েছেন। পরে মন্ত্রী সৈয়দপুর সড়ক ও জনপথ ডাকবাংলোতে রংপুর জোনের উন্নয়ন কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
