আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুক্রবার খুব দুঃখ করে ওবায়দুল কাদের বলেছেন, যদি ফখরুল ইসলাম নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারেন, তাহলে আমি পারব না কেন। ১০০ বার পারবেন। এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন।
মন্ত্রিত্ব-এমপিত্ব ছেড়ে মাঠে নামুন। আপনি নৌকায় ভোট চান। আমি ধানের শীষে ভোট চাই। দেখি জনগণ কাকে বেছে নেয়। নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে যদি ভোট হয়। সেই ভোটে যদি আপনারা জিতে আসেন, তাহলে আমরা হাজার বার আপনাদের মেনে নেব, স্বাগত জানব; কিন্তু আপনারা সেটা করবেন না। কারণ, লেভেল প্লেয়িং ফিল্ড হলে আপনারা জিততে পারবেন না।
‘খালেদা জিয়া এমন অসুস্থ নয় যে, তাকে বিদেশে পাঠাতে হবে চিকিত্সার জন্য’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আপনার কাছ থেকে এমন বক্তব্য আমরা আশা করি না। আপনি একটি বড়ো দলের সাধারণ সম্পাদক। প্রভাবশালী মন্ত্রী। কিছুদিন আগে বিদেশে গিয়ে দীর্ঘ চিকিত্সা নিয়ে এসেছেন। আপনার কাছ থেকে একজন রাজনীতিবিদের মতো বক্তব্য আমরা আশা করি।
গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পেশাজীবী নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, রুহুল আমীন গাজী, অধ্যাপক সেলিম ভুঁইয়া, কাদের গণি চৌধুরী প্রমুখ।
