হাতপাখার বিজয় হলে বাসযোগ্য নগরী উপহার দেব

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০০:৩৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দিনেও ব্যাপক ও জোরেশোরে প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ আব্দুর রহমান। শনিবার সকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘ঢাকার ৪০০ বছরের পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। হাতপাখার বিজয় হলে বাসযোগ্য নগরী উপহার দেব, ইনশাআল্লাহ। ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত ও বসবাসের অযোগ্য শহর। দুর্নীতি ও দূষণমুক্ত স্মার্ট নগরী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে চাই।’ প্রচারণায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, বংশাল ও কোতোয়ালি থানার নেতারা অংশ নেন। তারা বংশাল থানার মকিমবাজার, নবাব কাটরা, নয়াবাজার, আরমানিটোলা, তারা মসজিদ এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আগামী দিনের পরিকল্পনা পর্যালোচনা সভা দক্ষিণ কার্যালয়ে দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আহমদ আব্দুল কাইয়ূম, আলহাজ আলতাফ হোসেন ও আলহাজ আনোয়ার হোসেন, আব্দুল আউয়াল, মুফতি মোস্তফা কামাল, হারুন অর রশিদ, ডা. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

রবিবারের কর্মসূচি: রবিবার সকাল ১০টায় হাতিরপুল থেকে গণসংযোগ শুরু হবে। দুপুরে নিউ মার্কেট এলাকায় গণসংযোগ হবে।