সিপিবির সাজেদুলের গণসংযোগ

আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০০:৩৬

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল। শনিবার নির্বাচনি গণসংযোগ ও প্রচারণা চালানোর সময় তিনি এই দাবি জানান। 

এ সময় ডা. সাজেদুল হক বলেন, বড়ো দুই শাসক শ্রেণির দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী প্রথম দিনেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচার কার্যক্রম শুরু করেছেন যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনি আচরণবিধি কার্যকর করতে ঐ দুই প্রার্থীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মেয়র প্রার্থী ডা. সাজেদুল হক রাজধানীর মিরপুর ১০ নম্বর সেনপাড়া-কাজীপাড়া-শেওড়াপাড়া এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভায় বক্তৃতা করেন। এ সব কর্মসূচিতে বক্তৃতা করেন সিপিবি কেন্দ্রীয় সম্পাদক আহসান হাবীব লাবলু, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

আজকের কর্মসূচি : আজ রবিবার সকাল ১০টা থেকে মোহাম্মাদপুর টাউন হল, ইকবাল রোড, কৃষি মার্কেট, আদাবর, শ্যামলী এলাকায় গণসংযোগ এবং বিকালে মোহাম্মাদপুর টাউন হলের সামনে ও সন্ধ্যায় মোহাম্মাদপুর বাসস্ট্যান্ডের সামনে পথসভা অনুষ্ঠিত হবে।