ঢাকা সিটি নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় নেই ---------- জি এম কাদের

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০০:৩৭

জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তাদের দল বিশ্বাস করে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, দেশের মানুষ সত্যিকারের ভোট উত্সব দেখবে। নির্বাচন নিরপেক্ষ না হবার ব্যাপারে জাপার কোনো সংশয় নেই। গতকাল শনিবার রংপুর নগরীর দর্শনা এলাকায় জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জি এম কাদেরের নেতৃত্বে জাপার নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা এরশাদের কবর জিয়ারত করতে ঢাকা থেকে রংপুরে আসেন।

জি এম কাদের বলেন, আমরা সিটি নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যতটুকু সম্ভব সরকার ও নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করব। তিনি বলেন, আমরা আমাদের প্রার্থীদের বলে দিয়েছি তারা যেন আচরণবিধি মেনে চলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ভালোভাবেই চলছে। সংবিধানের আলোকেই চলতে হবে। আমাদের ওয়েস্ট মিনিস্টার সিস্টেম ফলো করতে বাধাধরা নিয়মের মধ্যেই গণতন্ত্র চর্চা করতে হয়। সেই হিসেবে আমাদের চর্চা চলছে। আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছি, আর এভাবেই আমরা এগিয়ে যাব। এসময় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, জিয়া উদ্দিন বাবলু ও সালমা ইসলাম, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পনির আহমেদ, আহসান আদেলুর রহমান এমপি, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।