জবির একমাত্র হলের প্রভোস্ট নিয়োগ, জুনে উদ্বোধনের আশা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৯:০৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নির্মাণাধীণ প্রথম ও একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট হিসেবে রাষ্টবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.এস.এম আনোয়ারা বেগমকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

উপাচার্য জানান, 'ছাত্রী হলের জন্য নতুন প্রভোস্ট নিয়োগ হয়েছে। ১ জানুয়ারি থেকে প্রভোস্টের আনুষ্ঠানিক কাজ শুরু হবে। আপাতত হল বুঝিয়ে নেওয়ার জন্য প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সহকারী প্রভোস্ট, হাউজ টিউটর নিয়োগ দেওয়া হবে। প্রভোস্ট নিয়ম-কানুন তৈরি করা এবং ডাইনিং বিষয়ে সকল কাজ আগে থেকেই শুরু করতে হবে। সকল কাজ শেষ করে আগামী জুন থেকে ছাত্রীরা হলে উঠতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।'

আরও পড়ুনঃ প্রকাশ্যে নৌকায় ভোট চাইলেন ওসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের কাজ ২০১৩ সালে শুরু হয়। ১৬ তলা বিশিষ্ট এই হলে এক হাজার ছাত্রী আবাসনের ব্যবস্থা রয়েছে। ২০১৩ সাল কাজ শুরু হওয়ার পর বেশ কয়েকবার মেয়াদ বৃদ্ধি করে ২০১৯ জুনে বিশ্ববিদ্যালয়কে হল বুঝিয়ে দেওয়ার কথা নির্মাণকারী প্রতিষ্ঠানের।

ইত্তেফাক/নূহু