চারদিনের টেস্ট ক্রিকেট নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি'র প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছ ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সুরেই সুর মেলালো পাকিস্তান ক্রিকেট বোর্ড।চারদিনের টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে চার দিনের টেস্ট ম্যাচ খেলতে চায়না তারা। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, পাকিস্তানে মূলত শীতকালে ক্রিকেট খেলা হয়। আর এই সময়ে দিনের দৈর্ঘ্য কম থাকায় পুরো ৯০ ওভার খেলা দুঃসাধ্য হয়ে পড়ে। আর তাই চার দিনের টেস্টে নিয়ে তাদের এই অনীহা ।
এদিকে চার দিনের টেস্ট ক্রিকেট নিয়ে অনীহা দেখিয়েছে পাকিস্তান জাতীয় দলের নির্বাচক ও কোচ মিসবাহ উল হক। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে তিনি আইসিসি'র চারদিনের টেস্টের প্রস্তাবের সমালোচনা করেছেন। মিসবাহ মনে করেন চারদিনের টেস্টে বেশিরভাগ ম্যাচই ড্র হবে। এছাড়া পঞ্চম দিনে টেস্ট ক্রিকেটে পিচের যে ভিন্নতা থাকে সেটিও পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেন মিসবাহ উল হক।
ইত্তেফাক/এআর
