দিনাজপুর অফিস
ধর্মীয় নানান আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের পাঁচ দিনব্যাপী সহরায় পরব উত্সব।
রবিবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার গড়মল্লিকপুর সাঁওতাল মাঞ্জিহীথান মন্দির ও ধর্ম উপাসনালয় প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী এই সহরায় পরব (পৌষ পার্বণ) উত্সব শুরু হয়েছে। উত্সবের উদ্বোধন করেন নারায়ণ মার্ডি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সামিয়েল মার্ডি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শরিফউদ্দীন আহম্মেদ।
সহরায় পরব হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের ১২ গোত্রের মধ্যে নতুন বছরকে বরণের উত্সব। তারা প্রতি বছরের পৌষ পার্বণের শুরুতে ধর্মীয় কৃষ্টি-কালচারের বিভিন্ন দিক তুলে ধরে দেব-দেবীর কাছে নিজেদের সুখ-শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় পাঁচ দিনব্যাপী পূজা অর্চনাসহ অন্যান্য কর্মকাণ্ড পালন করেন।
