স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচন আজ সোমবার। শনিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা। এ দিকে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ধানের শীষের প্রতীক নিয়ে সাবেক পৌর মেয়র দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জগ প্রতীক নিয়ে পৌর বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান মেয়র বেলাল হোসেন এবং মুঠোফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আহমেদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, পৌরসভার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯টি ভোটকেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। মোট ১৬ হাজার ৭৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
