রংপুরের ৬টি আসনে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রংপুরের ৬টি আসনে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রংপুর ১ ( গঙ্গাচড়া), রংপুর ২ ( বদরগঞ্জ- তারাগঞ্জ), রংপুর ৩ (রংপুর সদর), রংপুর ৪ (পীরগাছা-কাউনিয়া), রংপুর ৫ (মিঠাপুকুর) ও রংপুর ৬ ( পীরগঞ্জ)। তারা উপজেলা সদরে ক্যাম্প স্থাপন করে টহল শুরু করেছে।

রংপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন এ তথ্য নিশ্চিত করে বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি টহল শুরু করা হয়েছে। বিজিবি নির্বাচনকালীন ও নির্বাচনের পরদিন পর্যন্ত মোতায়েন থাকবে।'

তিনি আরও বলেন, 'এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একটি রুটিন কাজ। এ নিয়ে কোনো আতঙ্ক বা ভয়ের কিছু নেই। ভোটাররা যাতে নিরাপদে ভোটদানে অংশগ্রহন করতে পারে ও মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে মাঠপর্যায়ে কাজ করবে বিজিবি।'

ইত্তেফাক/নূহু