ভূতুড়ে বিদ্যুত্ বিলের অভিযোগ দিশেহারা সেচ পাম্প মালিকরা

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:১৮

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

ভৈরবে ভৌতিক বিদ্যুত্ বিলে দিশেহারা সেচ পাম্প মালিকরা। বিদ্যুতের এই বিল পরিশোধ করতে না পারায় অধিকাংশ সেচ পাম্পে বিদ্যুত্ সংযোগ এখনো পাননি মালিকরা। আর পাম্পে বিদ্যুত্ সংযোগ না পাওয়ায় বোরো জমিতে সেচ দিতে পারছেন না তারা।  উপজেলার শ্রীনগর ইউনিয়নের সেচ পাম্প মালিক কিবরু মিয়া বলেন, তিনি একজন সেচ পাম্প মালিক হিসেবে হাতেগোনা কয়েক বিঘা জমিতে সেচ দেন। ফলে বিদ্যুত্ বিল দিয়ে তার সামান্য আয় হয়। কিন্তু গতবার যে বিল করেছে আয়ের সবটুকু দিয়েও পরিশোধ করা যাবে না। ফলে বিপাকে পড়েছেন তিনি। আগানগর ইউনিয়নের সেচ পাম্প মালিক সেলিম মিয়া বলেন, অন্যান্যবারের তুলনায় গতবার বিল দ্বিগুণ করা হয়েছে। ফলে তিনি কীভাবে বিল পরিশোধ করবেন দিশা পাচ্ছেন না। সুলায়মান ও আবুল বাসার নামের দুই জন সেচ পাম্প মালিক জানান, তাদের দুটি পাম্পেই মিটার রয়েছে। কিন্তু মিটার না দেখেই অতিরিক্ত বিল করা হয়েছে। তাদের মতো অধিকাংশ সেচ পাম্প মালিকের একই দাবি। এদিকে বিদ্যুত্ বিলে অসঙ্গতির কথা স্বীকার করে শিমুলকান্দি বিদ্যুত্ সরবরাহ অফিসের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন তালুকদার বলেন, আমি মাত্র কয়েক দিন আগে এই অফিসে যোগদান করেছি। বিলগুলো আমার আগের কর্মকর্তা করে গেছেন। তাই আমি কিছু করতে পারছি না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তারা জানিয়েছেন, নতুন বিলের সময় বিবেচনা করা হবে। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বলেন, বিদ্যুত্ অফিসের সঙ্গে যোগাযোগ করে দেখব বিল সংশোধনের সুযোগ আছে কি না। যদি থাকে তাহলে অবশ্যই বিল সংশোধন করা হবে।