বরিশাল অফিস
বরিশালের হিজলা উপজেলায় ধর্ষণের দায়ে মো. সাইদুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। অনাদায়ে আরো তিন বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মন্নান ব্যাপারীকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মো. সাইদুল রাঢ়ি একই এলাকার বাসিন্দা। ২০১০ সালের ২৩ এপ্রিল আসামি সাইফুল বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে মন্নানের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণীর মা বাদী হয়ে মামলা করে। ট্রাইব্যুনালে দশ জনের মধ্যে আট জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ঐ রায় ঘোষণা করেন বলে জানান বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ।
