'ভোটের মাঠে যেতে নিষেধ করছে ক্ষমতাসীনরা'

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৯:৫২

যশোর-১ (শার্শা) আসনে নির্বাচনী প্রচারণার কোনো পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্ট তথা বিএনপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। তার দাবি, 'আওয়ামী লীগের কর্মী ও পুলিশি হয়রানির কারণে পোস্টারিং, মাইকিং ও গণসংযোগ করা সম্ভব হচ্ছে না। কর্মী ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, ধামকি ও ভোটের মাঠে যেতে নিষেধ করা হচ্ছে।' শুক্রবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপির সাবেক এই কেন্দ্রীয় দপ্তর সম্পাদক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি প্রার্থী তৃপ্তি আরো বলেন, 'তফসিল ঘোষণার পর নেতাকর্মীদের হয়রানি করতে চারটি মামলা করা হয়েছে। আজও ৩৪ নেতাকর্মীর নামে আরো একটি মামলা দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে যারা দলকে নেতৃত্ব দেন, তাদের বেছে বেছে আসামি করা হয়েছে।'

তিনি বলেন, 'আওয়ামী লীগের পক্ষে ভোটাররা নেই। তারা জোরজবরদস্তি করে টিকে থাকতে চায়। এরপরও শার্শার মানুষ ভোট কেন্দ্রে যাবে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন ও প্রশাসনের।'

আরও পড়ুনঃ রংপুরের ৬টি আসনে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, শার্শা উপজেলা সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, বেনাপোলের সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমানসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু