তানোর (রাজশাহী) সংবাদদাতা
তানোর পৌরসদরের এক ছাত্রাবাস থেকে সুমন আলী (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ৯টার দিকে পুলিশ উম্মাহানী ছাত্রাবাসের একটি রুম থেকে সুমন আলীর লাশ উদ্ধার করে। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত সুমন আলী তানোর আব্দুল করিম সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সুমন উপজেলার বনকেশোর গ্রামের মতিউর রহমানের ছেলে।
রাজশাহী গোদাগাড়ী সার্কেল সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, রাজশাহীর মোহনপুর থানায় সুমনের নামে একটি নারীঘটিত মামলা আছে। এছাড়া সুমনের রুম থেকে ঘুমের একপাতা ট্যাবলেটও পাওয়া গেছে। তবে ময়না তদন্তের রির্পোট পেলে সঠিক তথ্য জানা যাবে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সুমনের বিষয়ে এখন কিছু বলা যাবে না। লাশ ময়নাতদন্ত শেষে বোঝা যাবে আসল ঘটনাটি কী। থানায় এ নিয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।
