খুবিতে শিক্ষক সমিতির মানববন্ধন
খুবি সংবাদদাতা খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সারওয়ার জাহান এবং সাধারণ সম্পাদক ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।
ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে নিহত এক
ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দারাখানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম মল্লিক (৫৫) দারাখানা গ্রামের মৃত এনছাব আলী মল্লিকের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক রিপনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাচারকালে ইলিশ জব্দ
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে পাচারকালে ইলিশ মাছ ও শাড়ি-কাপড় জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রবিবার সকালে চেকপোস্টে দায়িত্বরত থাকা অবস্থায় ইলিশ মাছ ও শাড়ি-কাপড় জব্দ করে। বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মো. ইলিয়াছ মিয়া জানান, গত কয়েক দিন আগে ভারত থেকে আমদানিকৃত পাথর নিয়ে একটি ভারতীয় ট্রাক বন্দরের পানামা হিলি পোর্টে প্রবেশ করে। শনিবার পাথর খালাস করে রবিবার সকাল ৯টার দিকে হিলি চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যাওয়ার সময় দায়িত্বরত বিজিবির নায়েক রাকিব হোসেনের সন্দেহ হলে ট্রাকটি চেকপোস্ট গেটে থামান। এসময় তল্লাশি চালিয়ে ২৪ কেজি ওজনের ৩০ পিস ইলিশ মাছ ও দেশীয় ৯ পিস শাড়ি জব্দ করা হয়। পরে ইলিশ মাছ ও শাড়িগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা সেলিম হত্যা
ঈশ্বরদীতে বিচারের দাবিতে মানববন্ধন
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা পাকশীর রূপপুরের মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকারীকে গ্রেফতার, বিচার, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন এবং পথসভা করেছেন ঈশ্বরদীর মুক্তিযোদ্ধারা। শনিবার বিকেলে শহরের স্টেশন রোডে মুক্তিযোদ্ধা ও জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল। এ ছাড়া আরো বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস, হাবিবুল ইসলাম হব্বুল, সিরাজ উদ্দিন বিশ্বাস, তহুরুল ইসলাম, আবু তাহের বকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, জাসদ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা গৌরনদীর নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯তম বার্ষিক সাধারণ সভা শেষে রবিবার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার নলচিড়া বাজারসংলগ্ন ক্রেডিট ইউনিয়নের মাঠে সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা গোলাম কবীর শরীফ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা সমবায় অফিসার শেখ শাহ্ জামাল প্রমুখ।
চর ঘুঘুমারী কমিউনিটি ক্লিনিক উদ্বোধন
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে রবিবার দুপুরে ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের চর ঘুঘুমারী কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি। সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল বাতেন, আওয়ামী লীগ নেতা নারায়ণ চন্দ্র বর্মণ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সোহরাব আলী মোল্লা প্রমুখ।
সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাডভোকেসি সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় রবিবার স্থানীয় পর্যায়ে আর্থিক লেনদেন প্রদানকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কক্ষে আম্বালা ফাউন্ডেশনের আইটিএমএফসি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আম্বালা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. আবু হাসনাতের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা পংকজ বাড়ৈ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকারিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
জেএসপিএস ফেলোশিপ প্রোগ্রামের
দিক নির্দেশনামূলক সেমিনার
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাপান সোসাইটি ফর দ্যা প্রমোশন অব সাইন্স (জেএসপিএস) ফেলোশিপ প্রোগ্রাম নিয়ে দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রবিবার। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিজেএসপিএসএএ) এবং জাপান সোসাইটি ফর দ্যা প্রমোশন অব সাইন্স (জেএসপিএস)। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেএসপিএসের গবেষণা এবং প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য এবং জেএসপিএসের সভাপতি অধ্যাপক ড. লুত্ফুল হাসান।
শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুরে প্রাথমিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে রবিবার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে ইবানী প্রাথমিক বিদ্যালয় ও পুষ্পকলি প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে খাতা ও কলম বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইবানী স্কুলের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান ফাতেমা, সাংবাদিক মিজানুর রহমান মিজান, অভিজিত্ ঘোষ, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি মো. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল করিম, সহসভাপতি মো. রোকনুজ্জামান প্রমুখ।
ইউনিয়ন আন্তবার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় রবিবার দুই দিনব্যাপী রাজিহার ইউনিয়ন আন্তসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। রাজিহার ইউনিয়নের রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার। সহকারী শিক্ষা কর্মকর্তা ও ক্লাস্টার প্রধান মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম তালুকদার।
