রাজশাহীতে জনতা ব্যাংকের ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:২৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনকে সামনে রেখে পরিচ্ছন্ন রাজশাহীতে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি পালন করেছে জনতা ব্যাংক লিমিটেড। শনিবার ব্যাংকের রাজশাহী এরিয়া কার্যালয়ের উদ্যোগে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী উক্ত কর্মসূচিতে অংশ নেন। রাসিকের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু নিজে ওয়ার্ডের ভ্যান গাড়ি ও পরিচ্ছন্নতা কর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নেন। এর আগে সকাল সাড়ে ১০টায় ব্যাংকের কাজীহাটাস্থ এরিয়া অফিসের সামনে থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) তাপস কুমার মজুমদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি সিএন্ডবি এলাকা প্রদক্ষিণ করে। পরে র্যালিতে অংশগ্রহণকারীরা লক্ষ্মীপুুর মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সেখানে ডিজিএম তাপস কুমার মজুমদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ব্যাংক রাজশাহীর ডিজিএম সাইদুল ইসলাম তাহির, জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়ের ডিজিএম মাইনুল হাবিব, এজিএম সঞ্চয় কুমার মৈত্র, ইউনুস আলী মোল্লা, কর্মকর্তা দিলীপ কুমার তালুকদার ও মোজাম্মেল হক বক্তব্য রাখেন। সমাবেশ শেষে ব্যাংকের কর্মকর্তারা নগরীর লক্ষ্মীপুর এলাকায় দুপুর ১২টা পর্যন্ত শহর পরিচ্ছন্ন কর্মসূচি পরিচালনা করেন। এরিয়া ডিজিএম জানান, বছরব্যাপী এ কর্মসূচি চলবে।