স্পোর্টস রিপোর্টার
এর আগে একবার বলা হয়েছিল, এক দিনের মধ্যে পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তিন দিন পার করে এসে পূর্ণাঙ্গ বোর্ড সভার পরও নতুন কোনো সিদ্ধান্ত জানাল না তারা। বলল, প্রথম অবস্থানই ধরে রেখেছে বিসিবি—পাকিস্তানে প্রথম দফায় তিনটি টি-টোয়েন্টির বেশি কিছু খেলতে চায় না বাংলাদেশ। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিদ্ধান্তে একমত হলে ১৮ তারিখেই সফরে যাবে দল।
এই বোর্ড সভায় আরো কিছু সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, মাশরাফি নিজেই তাদের এই অনুরোধ করেছেন। ফলে তার জায়গায় নতুন একজন ক্রিকেটারকে নেওয়া হবে।
এ ছাড়া বাড়ছে বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ ফি। টেস্টে ৪ লাখ থেকে বেড়ে এটা ৬ লাখ হচ্ছে। এছাড়া টি-টোয়েন্টিতে ২ লাখ ও ওয়ানডেতে ৩ লাখ টাকা রাখা হয়েছে ম্যাচ ফি।
বোলিং কোচের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। পাপন বলেছেন, তারা তিন জনের এক জন শর্ট লিস্ট করেছেন। দ্রুত এখান থেকে এক জনকে চূড়ান্ত করা হবে। এক জন ওটিস গিবসন, এটা জানা গেলেও বাকিদের নাম জানানো হয়নি।
এ ছাড়া বিপিএল আগামী আসর থেকে ফ্রাঞ্চাইজি ব্যবস্থায় ফিরে আসবে। তবে এর নাম বদলানো হবে না। এবারের মতো বঙ্গবন্ধু বিপিএলই থাকবে এই টুর্নামেন্টটির নাম।
এ বছর শেষ হয়ে যাচ্ছে জাতীয় দলের প্রধান পৃষ্ঠপোষকের সঙ্গে চুক্তি। এরপর দুই বছরের জন্য নতুন করে স্বত্ব বিক্রি করার জন্য আগ্রহপত্র আহ্বান করবে বিসিবি।
তবে সবচেয়ে বেশি আগ্রহ ছিল পাকিস্তান সফর নিয়ে। সেই সফর নিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘আমরা আগের প্রস্তাবেই আছি। আমরা প্রথমে পাকিস্তানে গিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলে আসতে চাই। এরপর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আগে থেকেই বিসিবি এই অবস্থানের কথা বলে আসছে। যদিও পিসিবি চাইছে আগে টেস্ট দুটি খেলা হোক; তারপর টি-টোয়েন্টি সিরিজ প্রয়োজনে বাংলাদেশেও খেলতে রাজি আছে তারা। কিন্তু বিসিবির প্রধান কাল পরিষ্কার করে বলেছেন, সরকার থেকেও তারা নির্দেশনা পেয়েছেন সফর ছোটো করার জন্য, ‘মধ্যপ্রাচ্যের অবস্থা ভালো নয়। এ অবস্থায় আমাদের সরকার থেকেও বলা হয়েছে ছোটো করে সফর করার জন্য।’
টেস্ট সিরিজ খেললে সফর ছোটো হয় না বলেই এই টি-টোয়েন্টির প্রস্তাব বিসিবির।
