দুই দলই ফাইনাল লক্ষ্য করেছে

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:৪৫

কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না মাশরাফি

 

আজ প্রথম কোয়ালিফায়ার

 স্পোর্টস রিপোর্টার

দেখতে দেখতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রায় শেষ প্রান্তে চলে এসেছে। আজ থেকে শুরু হচ্ছে সেরা চারের খেলা। আজ দিনের দ্বিতীয় ম্যাচে সরাসরি ফাইনালে খেলার লক্ষ্যে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। দুই দলই দ্বিতীয় সুযোগের অপেক্ষায় থাকতে রাজি নয়। তারা আজই ফাইনাল নিশ্চিত করে ফেলতে চায়।

প্রথম কোয়ালিফায়ারেই ফাইনাল নিশ্চিত করে ফেলার সুবিধা নিয়ে বলতে গিয়ে রাজশাহীর অলরাউন্ডার অলক কাপালি বলছিলেন, ‘আমি তো আগেও কোয়ালিফায়ারে খেলেছি। আমার কাছে মনে হয় যে প্রথমেই যদি জিতে যাওয়া যায়, সেটা ভালো। হেরে গেলে যে সুযোগটা আছে, সেটা কিন্তু পরে। ফলে আমার কাছে মনে হয় প্রথমে জিতে গেলে একটু ভালো আরকি।’

দুই দলের ভারসাম্য নিয়ে কথা বলতে গিয়ে অলক বলছিলেন, খুলনা দলের অনেকেই ছন্দে আছেন। ফলে অনেককে নিয়েই তাদের পরিকল্পনা করতে হবে, ‘যারা ভালো খেলছে ওদের নিয়ে একটা পরিকল্পনা করা যায় আরকি। শান্ত কিন্তু পুরো আসরে রান করতে পারেনি। কালকে কিন্তু সেঞ্চুরি করেছে। আমার কাছে খুব ভালো লেগেছে আরকি। ওদের নিয়ে আমাদের পরিকল্পনা হবে, আমাদের যারা ভালো খেলছে তাদের নিয়ে ওদের পরিকল্পনা হবে। কালকের দুটো ম্যাচে আমাদের দেশীয় ক্রিকেটাররা রান করেছে। এটা আমাদের দেশের জন্য ভালো। আমার কাছে যেটা মনে হয়, যাদের দেশীয় ক্রিকেটার ভালো খেলবে, তারা ম্যাচ জিতবে। আপনি যদি শীর্ষ চারের কথা চিন্তা করেন আমাদের কিন্তু দেশি ক্রিকেটার বেশি। আমাদের কিন্তু ওদের নিয়ে পরিকল্পনা আছে যে কীভাবে কি করা যায়। বাইরের ক্রিকেটার যারা আছে তাদের তো আমরা আগেই দেখেছি। হয়তোবা দেশীয় ক্রিকেটার নিয়ে বেশি জোর দেওয়া হবে আরকি।’

অলক মনে করেন, কোয়ালিফায়ার ম্যাচটা বড়ো রানের ম্যাচই হবে। দুই দলেই বেশ কিছু ইনফর্ম খেলোয়াড় ও উইকেটের চরিত্র দেখে তার এটা মনে হচ্ছে, ‘যেভাবে উইকেট যাচ্ছে বর্তমানে, আজকের দিন গ্যাপ আছে, তো আমার মনে হয় উইকেটটা ভালো হবে। আমার কাছে মনে হয় দুটো ম্যাচেই রান হবে। টি-টোয়েন্টির মূল খেলাটা টপ অর্ডার থেকে। আমার মনে হয় টপ থেকে যারা রান করবে তারা ভালো স্কোর করবে। তবে আমরা যে উইকেট দেখছি, এখানে কত রান যে নিরাপদ হবে সেটা বলা মুশকিল। কাল দেখেন ২০৩ রান করে হেরে গেছে।’

এদিকে খুলনার হয়ে আগের দিনই সেঞ্চুরি করে নিজেকে ফিরে পাওয়া নাজমুল হোসেন শান্ত বলছিলেন, তারা এখন ফাইনালে ওঠা নিয়েই ভাবছেন, ‘আমরা যখন আসর শুরু করেছি, মনে মনে আমরা ওভাবেই চিন্তা করেছি যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। আমাদের এখনো ২-৩টা ম্যাচ আছে। আমরা যদি পরের ম্যাচটি জিতি, অবশ্যই ফাইনালে যাব। এখনো অতো দূরে চিন্তা করছি না। শুধু পরের ম্যাচ নিয়ে চিন্তা করছি। ঐ ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাহলে ফাইনালে ভালো কিছুই হবে।’