স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষেই চট্টগ্রামকে দেখছিলেন অনেকে। যদিও শেষ পর্যন্ত তৃতীয় স্থানে থেকে প্লে-অফে জায়গা করে নিয়েছে দলটি। ১২ ম্যাচে ৮টি জয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে চট্টগ্রাম।
উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছে ঢাকা প্লাটুনের বিপিএল মিশন। ধারাবাহিকতার অভাব থাকলেও এই দলটি থাকতে পারত শীর্ষ স্থানে। কিন্তু শনিবার রাতে লিগ পর্বের শেষ ম্যাচে খুলনার কাছে হেরে চতুর্থ হয়ে প্লে-অফে উঠেছে ঢাকা। ১২ ম্যাচে ৭টি জয়ে ১৪ পয়েন্ট পেয়েছে দলটি।
পয়েন্ট টেবিলের অবস্থানের কারণে দুই দলের ফাইনালে যাওয়ার পথকে কিছুটা কঠিন হয়ে পড়েছে। আজ এলিমিনেটরের বাঁচা-মরার লড়াইয়ে শামিল হবে ঢাকা-চট্টগ্রাম। ম্যাচ হারলেই ছিটকে পড়তে হবে টুর্নামেন্ট থেকে। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এই ম্যাচ জিতলেও ফাইনালের মঞ্চে যেতে অপেক্ষায় থাকতে হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলেই ট্রফির লড়াইয়ে নাম লেখাতে পারবে তারা।
লিগ পর্বে দুই দলের লড়াইটা অবশ্য একতরফাই হয়েছিল। দুই ম্যাচে ঢাকাকে হারিয়েছিল চট্টগ্রাম। গত ১৮ ডিসেম্বর ১৬ রানে ও ২৭ ডিসেম্বর ৬ উইকেটে ঢাকাকে পরাজিত করেছিল চট্টলার দলটি।
গতকাল ঐচ্ছিক অনুশীলন ছিল দুই দলের। বেশির ভাগ ক্রিকেটারই বিশ্রামে ছিলেন। ঢাকার কয়েকজন ক্রিকেটার অনুশীলন করেছেন। চট্টগ্রামের হেড কোচ পল নিক্সনের তত্ত্বাবধানে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছেন শুধু মেহেদী হাসান রানা।
আজকের ম্যাচে জয় ভিন্ন কিছুই চিন্তা করছে না দুই দল। চট্টগ্রামের নুরুল হাসান সোহান সেটিই বলেছেন সংবাদ মাধ্যমকে। গতকাল তিনি বলেছেন, ‘আমরা যেহেতু নক আউট পর্বে এসে গেছি জেতা ছাড়া আর কোনো অপশন নেই আমাদের। দুইটা ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জেতা ছাড়া আর কোনো উপায় নেই। ’
এখন একটা ম্যাচ ধরেই এগুতে চায় চট্টগ্রাম। ঢাকার বিপক্ষে ম্যাচেই ফোকাস করছে দলটি। উইকেটকিপার নুরুল হাসান সোহান বলেছেন, ‘আমরা অনেক ম্যাচে টিম হিসেবে খেলার কারণে জিততে পেরেছি। যদি ফাইনাল ধরি আমাদের হাতে তিনটি ম্যাচ থাকবে। তিনটা চিন্তা না করে একটা একটা চিন্তা করাই ভালো। কালকে ঢাকার বিপক্ষে পরবর্তী ম্যাচ, আমার মনে হয় ফুল ফোকাসটা এখানেই দেওয়া উচিত। আমরা যদি শতভাগ দিতে পারি তাহলে ভালো কিছু হবে।’
লিগ পর্বে দুইবার ঢাকাকে হারালেও আজ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করছেন নুরুল হাসান সোহান। তিনি বলেছেন, ‘ঢাকা অনেক শক্তিশালী দল ভালো দল। আমরা দুটি ম্যাচে জিতেছি, আমার মনে হয় পরবর্তী ম্যাচে যারা ভালো খেলবে, নিজেদের কাজগুলো ঠিকভাবে করতে পারবে তারাই জিতবে। দুইটা দলই ভালো, আশা করি প্রতিযোগিতামূলক ম্যাচ হবে।’
এলিমিনেটর ম্যাচে টস গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন নুরুল হাসান সোহান। ব্যাট হাতে বড়ো স্কোর গড়ার টার্গেট করছে চট্টগ্রাম। প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগে এটি বড়ো অস্ত্র হিসেবে দেখছে দলটি। এদিকে শনিবার ২০৫ রান করে খুলনার কাছে হেরেছিল ঢাকা। পরাজয়ের স্মৃতি নিয়েই দলটি আজ মাঠে নামবে। সঙ্গে যোগ হয়েছে অধিনায়ক মাশরাফির ইনজুরির দুশ্চিন্তা। ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পান তিনি। ১৪টি সেলাই পড়েছে তার বাঁ হাতের তালুতে। তারপরও আজ মাশরাফিকে পেতে যাচ্ছে ঢাকা। সেলাই নিয়েই দলের জন্য মাঠে নামবেন ঢাকার অধিনায়ক। গতকাল মুঠোফোনে ম্যাচ খেলার আশাবাদ জানিয়েছেন মাশরাফি। অধিনায়কের লড়াকু মনোভাব নিশ্চিতভাবেই বাড়তি মনোবল যোগাবে ঢাকা শিবিরকে।
