ডমিঙ্গো আসছেন আজ

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:৪৬

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ফিরছেন আজ। দক্ষিণ আফ্রিকা থেকে গতকালই ঢাকার উদ্দেশ্যে বিমানে চড়েছেন ডমিঙ্গো। আজ ঢাকায় পৌঁছাবেন তিনি। গতকাল দেশ ছাড়ার আগে এই তথ্য জানিয়েছেন টাইগারদের কোচ।

গত নভেম্বরে ভারত সফরের পর থেকেই ছুটিতে ছিলেন ডমিঙ্গো। পরিবারের সঙ্গে ক্রিসমাস ও নতুন বছরের শুরুটা কাটিয়েছেন। ঢাকায় এসে বঙ্গবন্ধু বিপিএলের শেষ দিকের ম্যাচগুলো দেখবেন তিনি। আজ মিরপুর স্টেডিয়ামে বিপিএলের প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ম্যাচে উপস্থিত থাকতে পারেন ডমিঙ্গো।

প্রোটিয়া এই হেড কোচের এখন ঢাকায় ফেরার কারণটা স্পষ্ট। সবকিছু ঠিক থাকলে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ দল। কিছুদিন আগে দৈনিক ইত্তেফাককে দেওয়া একান্ত সাক্ষাত্কারে পাকিস্তান সফরের বিষয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন ডমিঙ্গো। তিনি বলেছিলেন, বাংলাদেশ দল পাকিস্তান সফরে ছাড়পত্র পেলে তামিম-মুশফিকদের সঙ্গে যাবেন। সফর নিয়ে বিসিবির সঙ্গেও আলোচনা করবেন তিনি। যদিও জাতীয় দলের কোচদের অনেকে পাকিস্তানে যেতে ইচ্ছুক নন। স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি যাবেন না পাকিস্তান সফরে। ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট শ্রী চন্দ্রশেখরণকেও এই সফরে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।