বিগ ব্যাশের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসটি এখন মেলবোর্ন স্টার্স ওপেনার মার্কাস স্টয়নিসের অধিকারে। গতকাল রবিবার সিডনি সিক্সার্সের বিপক্ষে ১৪৭ রানের ইনিংস খেলে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি তো খেলেছেনই, দলগত অনেক কীর্তিও গড়েছেন অজি এই অলরাউন্ডার। হিলটন কার্টরাইটকে সঙ্গে নিয়ে তার গড়া ২০৭ রানের ওপেনিং জুটি এখন বিগব্যাশের সর্বোচ্চ। দুজনের এমন দানবীয় ব্যাটিং মেলবোর্ন স্টার্সকে এনে দেয় ২২১ রানের পুঁজি যা টুর্নামেন্টের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ। জবাবে সিডনি সিক্সার্স কেবল ১৭৫ রান তুলতে সক্ষম হয়। আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মেলবোর্ন আছে বিগব্যাশ তালিকার শীর্ষে। ৪৭৮ রান নিয়ে বর্তমানে লিগটির সর্বোচ্চ রান সংগ্রাহক স্টয়নিস।
