স্পোর্টস ডেস্ক
ইতালীয় লিগে ফেরার পর প্রথম গোলটা পেতে খুব বেশি সময় নিলেননা জ্লাতান ইব্রাহিমোভিচ। প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই প্রতিপক্ষ জালের ঠিকানা খুঁজে পান তিনি। তার এ নৈপুণ্যে ক্যালিয়ারিকে ২-০ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে এসি মিলান।
সাম্পদোরিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না ইব্রা। এদিন কোচ স্টেফানো পিওলি শুরু থেকেই সুইডিশ এই ফরোয়ার্ডকে রাখলেন একাদশে। ৪৬ মিনিটে রাফায়েল লিয়াওর কল্যাণে এগিয়ে যাওয়ার পর ৬৪ মিনিটে বাঁ পায়ের জোড়ালো শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ইব্রা। প্রতিপক্ষ জাল আরো একবার ছিঁড়েছিলেন তিনি। ৮২ মিনিটে তার প্রয়াসটি কাঁটা পড়ে অফসাইডের খড়গে। তবে দলের জয়ে খুব একটা সমস্যা হয়নি এর পরও।
প্রতিক্রিয়ায় মিলান স্ট্রাইকার বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে নিজে ভালো বোধ করা। শুরুতে কয়েকটা বল মিস করেছিলাম কিন্তু ছন্দে ফেরার জন্যে আমার ম্যাচ খেলে যেতে হবে।’ তবে ৩৮ বছর বয়সে টানা খেলার ধকল নিতে পারবে না শরীর, এটাও মেনে নিচ্ছেন তিনি। সাবেক সুইডেন অধিনায়কের ভাষ্য, ‘আমি ভালো বোধ করছি। কোচ আমার বয়সের কথাও ভাবেন এবং যদি তিনি মনে করেন আমার বিশ্রাম প্রয়োজন তাহলে আমার কোনো সমস্যা নেই। আমার মস্তিষ্ক সবসময় একই রকম আছে এবং আমার শরীর সেটা মেনে চলে।’
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবেই ছয় মাসের চুক্তিতে মিলানে আসেন ইব্রা। ক্লাবে ফেরার পর এটি তার প্রথম গোল হলেও মিলানের হয়ে সর্বমোট ৫৭টি গোল করেছেন তিনি।
