‘মা’ সেরেনার প্রথম শিরোপা

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২১:৪৮

স্পোর্টস ডেস্ক

কন্যাসন্তান অলিম্পিয়াকে জন্ম দেওয়ার পর থেকে শিরোপার স্বাদ ভুলতেই বসেছিলেন সেরেনা উইলিয়ামস। মা হওয়ার তৃতীয় বছরে এসে প্রথম শিরোপাটা জিতলেন তিনি। গত রবিবার রাতে অকল্যান্ড ক্লাসিকসের ফাইনালে স্বদেশি জেসিকা পেগুলাকে ৬-৩, ৬-৪ ব্যবধানে হারান যুক্তরাষ্ট্রীয় এই টেনিস তারকা।

মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়া থেকে একটি গ্র্যান্ডস্ল্যাম দূরত্বে থাকা সেরেনা রবিবার শুরুতে কিছুটা পিছিয়েই পড়েছিলেন। শুরুর সেটে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরই ফেরেন দাপট নিয়ে। এরপর আর প্রতিপক্ষকে সুযোগ না দিয়েই জয়টি তুলে নেন তিনি। ৭৩তম শিরোপা জয়ের সব অর্থই তিনি দান করবেন অস্ট্রেলিয়ান দাবানল দুর্গতদের ত্রাণকার্যে। শিরোপাজয়ের ফলে ৪২ হাজার ইউএস ডলার আয় করেছিলেন তিনি।

শেষ তিন বছরে অনেক শিরোপার কাছাকাছিই গিয়েছিলেন সেরেনা। ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর থেকে চারটি গ্র্যান্ডস্ল্যাম জয়ে সুযোগ হাতছাড়া করেছেন তিনি। ২০১৮ আর ২০১৯ উইম্বলডন আর ইউএস ওপেন ফাইনাল হারের পাশাপাশি ২০১৯ রজার্স কাপের ফাইনাল থেকে চোটের কারণে সরে দাঁড়িয়েছিলেন সেরেনা।

টানা চার ফাইনালে হারের পর অবশেষে এই জয়। সেরেনা স্বভাবতই উচ্ছ্বসিত, ‘ভালো লাগছে। অনেক বছর পর শিরোপা জিতলাম। আমার মনে হয় আমার চেহারার স্বস্তিটা চোখে পড়ছে আপনাদের। অনেক দিন ধরেই খেলছি এবং অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। ভালোবাসার কাজটা করতে পেরে খুশি লাগছে।’

সেরেনার চোখ এবার অস্ট্রেলিয়ান ওপেনে। ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতা জিতলে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডেও ভাগ বসাবেন তিনি।