জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন করবে সুপ্রিম কোর্ট

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:০০

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট সদস্যের জাজেস কমিটির বৈঠক

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। চলতি বছরের ১৭ মার্চ হতে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই মুজিব বর্ষ পালন করা হবে। এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর স্মরণিকা প্রকাশ, গবেষণামূলক নিবন্ধসহ নানা সেমিনারের আয়োজন করবে সুপ্রিম কোর্ট। গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে উচ্চপর্যায়ের জাজেস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

 বৈঠকে আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে জন্মশতবার্ষিকী উদ্যাপন শুরু হবে। একইসঙ্গে বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে মুজিব বর্ষ উদ্যাপন করা হবে বলে জানিয়েছেন হাইকোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, আগামী ১৯ জানুয়ারি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।