পাবলিক পরীক্ষার সময় ফ্রিল্যান্স কোচিং সেন্টার খোলা রাখার দাবি

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:০১

ইত্তেফাক রিপোর্ট

পাবলিক পরীক্ষার সময় ফ্রিল্যান্স কোচিং সেন্টারগুলো খোলা রাখার দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (অ্যাসেব)। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক মো. ইমাদুল হক বলেন, বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় অধিকাংশ স্কুল কলেজের পাঠদান বন্ধ থাকে। কোচিংগুলোও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। পড়ালেখা থেকে মুখ ফিরিয়ে নেয় ছাত্রছাত্রীরা। দিশাহারা হয়ে পড়ে অভিভাবকমহল। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা ফ্রিল্যান্স কোচিংগুলো খোলা রাখার দাবি জানাচ্ছি। সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোহাগ বলেন, গত তিন বছরে প্রশ্ন ফাঁসের সঙ্গে ১৯০ জন ব্যক্তি জড়িত ছিলেন। কিন্তু তাদের কেউ কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত নয়।

বক্তারা শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বৃহত্তর স্বার্থে ছায়াশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে নিয়ে আসা হোক, যাতে পাবলিক পরীক্ষার সময়ও বন্ধ রাখতে না হয়। সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়কদের মধ্যে শামসেয়ারা খান ডলি, মাহবুব আরেফিন, আকমল হোসাইন, পলাশ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।