শোক সংবাদ

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:০৩

জাফর আহমেদ

কুমিল্লার মনোহরগঞ্জের বাকরা নিবাসী মো. জাফর আহমেদ (৬০) অসুস্থতাজনিত কারণে শনিবার সন্ধ্যায় কুমিল্লার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। তিনি উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেনের বড়ো ভাই। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল রবিবার সকাল ১১টায় বাকরা মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জানাজায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম প্রমুখ।

শামসুল আলম লিটন

ঢাকা মহাখালী কলেরা হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার কো-অর্ডিনেটর শামসুল আলম লিটন (৩৪) গত শুক্রবার ঢাকা-আড়িচা মহাসড়কে ধামরাই কালামপুর নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রবিবার বাদ জোহর তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের সাগরদিঘি পূর্বপাড় মহল্লার জামে মসজিদ সংলগ্ন একটি মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত শনিবার বাদ এশা মহাখালী কলেরা হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার সহকর্মীরা অংশগ্রহণ করেন। তিনি পিতা-মাতা, তিন ভাই, এক বোন, স্ত্রী ও এক শিশুপুত্র সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মনাফ

জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মনাফ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শনিবার  লন্ডন সময় রাত ১০টায় লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা আব্দুল মনাফ দ্বিতীয় বারের মতো পৌরসভার মেয়র ছিলেন। মেয়র আব্দুল মনাফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।