ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বিএনপি :নাসিম

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বিএনপি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল রবিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ১৪ দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘অত্যন্ত দুঃখজনক যে, আমরা জনপ্রতিনিধিরা ভোট চাইতে পারব না। দলীয় প্রতীকের নির্বাচন, অথচ দলের নেতারা ভোট চাইতে পারবেন না—এটা কোনো কথা হলো। সাবেক এমপিরা প্রচার চালাতে পারবেন, কিন্তু বর্তমান এমপিরা পারবেন না। এটা লেভেল প্লেয়িং ফিল্ড হলো কীভাবে?’ ভারত, শ্রীলঙ্কা, ব্রিটেন, আমেরিকাসহ কোনো দেশে এমন বিধান নেই। তিনি বলেন, অতি উত্সাহী একজন নির্বাচন কমিশনার আছেন, তার উদ্দেশ্য হলো, যে কোনোভাবেই হোক বিএনপিকে বিজয়ী করতে হবে। এমপিদের প্রচারণায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও ঐ একজনের কারণে তা বাস্তবায়ন হয়নি। মোহাম্মদ নাসিম বলেন, আমরা আচরণবিধি মেনেই চলব। এমপি নন এমন দুই জন নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা প্রচারণা চালাবেন। শিগিগরই ১৪ দলের উদ্যোগে পোস্টার ছাপানো হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবে ১৪ দলের নেতাকর্মীরা।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাতীয় পার্টির-জেপি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর জেপির আহ্বায়ক আব্দুর রহিম, প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।