প্রচারে হামলার অভিযোগ তাপসের, ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি আতিকুলের

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:৩১

ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় ততই মুখর হয়ে উঠছে ভোটের মাঠ। প্রচারযুদ্ধে নেমে পড়েছেন প্রার্থীরা। মূল সড়ক ও অলিগলিতে শুরু হয়েছে নৌকা ও ধানের শীষের স্লোগান। চায়ের আড্ডা থেকে রাজনৈতিক অঙ্গন—সর্বত্র আলোচনায় রাজধানীর দুই সিটি নির্বাচন। মেয়র পদপ্রার্থীদের পাশাপাশি সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীদের প্রচারণায় উত্সবের আমেজ এখন নগর জুড়ে। দক্ষিণে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গতকাল সম্প্রতির ঢাকা গড়তে নৌকায় ভোট চেয়েছেন। একই সঙ্গে তাপস প্রচারে নিজ কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছেন।

অন্যদিকে ওয়ার্ডগুলোতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়েছেন উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। সবকিছু ছাপিয়ে নতুন মেয়ররা মশক-মাদকমুক্ত নতুন ঢাকা উপহার দেবেন বলে প্রত্যাশা নগরবাসীর।ব্যস্ত সময় পার তাপসের :গতকাল রবিবার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জনসংযোগে নামেন দক্ষিণে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। বিএনপির মেয়র পদপ্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ এনে তিনি বলেন, ‘শনিবার আর কে মিশন রোডে নির্বাচনি প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের বাসায় দাওয়াত দিতে গিয়েছিলাম। সেখানে সবার সঙ্গে সাক্ষাত্ করেছি। ভোট প্রার্থনা করেছি। কিন্তু সেখান থেকে বের হওয়ার পর আমাদের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ গণসংযোগে যারা ছিল, তাদের ওপর অতর্কিত আক্রমণ হয়েছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই।’ তিনি বলেন, ‘আমি প্রাথমিকভাবে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানাব। এরপর যদি দ্বিতীয় কোনো ঘটনা ঘটে, তাহলে লিখিতভাবে জানানো হবে।’

তাবলিগ জামাতের সবচেয়ে বড়ো আয়োজন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেওয়ার পর নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন জানিয়ে ব্যারিস্টার তাপস বলেন, ‘যে পরিকল্পনা আমরা নিয়েছি, আমাদের প্রাণের ঢাকা, ভালোবাসার ঢাকাকে গড়ে তোলার লক্ষ্যে ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং সর্বোপরি উন্নত ঢাকা গড়ে তোলার জন্য, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। এজন্য স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমরা খুবই আশাবাদী যে ঢাকাবাসী আমাদের পক্ষে রায় দেবে।’ নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ঢাকায় দ্রুতগতি ও ধীরগতির গাড়ির জন্য পৃথক লেনের ব্যবস্থা করা হবে। পায়ে হাঁটার জন্য আলাদা এবং সাইকেল লেনও আলাদা করার জন্য পরিকল্পনা রয়েছে। শহরের প্রধান সমস্যা যানজট নিরসন করতে হবেই। আমরা নগরের কোথাও উন্মুক্ত স্থানে আবর্জনার স্তূপ দেখতে চাই না। সিটি করপোরেশনের কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। কাউন্সিলরদের নিয়ে আমরা দলগতভাবে একটি সুন্দর ও পরিবেশবান্ধব ঢাকা উপহার দেব।’

ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি আতিকুলের :ঢাকা উত্তর সিটির সঙ্গে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ভোটারদের কাছে ভোট চাইছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। গতকাল দুপুরে উত্তরা-সংলগ্ন নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে গণসংযোগকালে তিনি এসব প্রতিশ্রুতি দেন। সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ শুরু করার পর সেখান থেকেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন তিনি। এরপর উত্তরা-সংলগ্ন কসাইবাড়ী রেলগেট, কাঁচপুরা, উত্তরখান, দক্ষিণখান, ময়নারটেক, ফায়দাবাদ এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। পরে আবদুল্লাহপুর হয়ে তুরাগ, কামারপাড়া, নয়ানগর মাদ্রাসা, রানাভোলা হয়ে বাওনিয়া এলাকায় গণসংযোগ করেন আতিকুল ইসলাম। গণসংযোগকালে সাধারণ পথচারী থেকে শুরু করে দোকানিদের সঙ্গে হাত মিলিয়ে ভোট চান আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘উন্নয়ন চলছে, চলবে। এই শহরের উন্নয়নের অগ্রযাত্রাকে এবার গন্তব্যে নেওয়ার পালা। সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে চাই। উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিন।’