নামেই কেবল ভোটে জাপা

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:৩২

আগের রাতে দলগতভাবে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে রহস্যজনক কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীকে বহাল রেখেছে জাতীয় পার্টি (জাপা)। তবে সাইফুদ্দিন আহমেদ মিলন কাগজে-কলমে ‘লাঙ্গল’ প্রতীকে মেয়র প্রার্থী থাকলেও তিনি প্রচারণায় নেই। তার পক্ষে দলের কোনো নেতাও প্রচারণায় নামেননি। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) মেয়র পদে জাপার প্রার্থী ব্রি. জে. (অব.) জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র আগেই বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে কার্যত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার মাঠে জাপা খেলার বাইরে।

বুধবার রাজধানীর বনানীতে জাপার কার্যালয়ে অনুষ্ঠিত দলের চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের বৈঠকে ঢাকা দক্ষিণে দলের মেয়র প্রার্থী মিলনকে প্রত্যাহারের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। ঐ বৈঠকে উপস্থিত থাকা জাপার কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুও ইত্তেফাকের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দেন। ঐ দিন রাতেই জাপা চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসায় প্রার্থী মিলনের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, পরদিন বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে মিলন প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। এই সিদ্ধান্তের পরপরই মিলন ইত্তেফাককে বলেছিলেন, ‘যেহেতু মেয়র পদে আওয়ামী লীগেরও প্রার্থী রয়েছেন এবং আমরা মহাজোটভুক্ত, সেই কারণে আমার প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি আলোচনা হয়েছে।’

দলগতভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের ব্যক্তিগত অফিসে বৈঠকে বসেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। বৈঠক সূত্রে জানা গেছে, ঐ বৈঠকে প্রথমদিকে সিদ্ধান্ত হয়—জাপার মিলন প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। তবে বৈঠকের শেষদিকে নাটকীয়ভাবে সিদ্ধান্ত হয় যে, জাপার প্রার্থিতা প্রত্যাহারের প্রয়োজন নেই। ঐ বৈঠকে থাকা জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জানান, আওয়ামী লীগের সঙ্গে তাদের বৈঠকে সম্মতির ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছে, কৌশলগত কারণে জাপার মেয়র প্রার্থীও মাঠে থাকবেন।