বিমানে বোমা নিয়ে উঠেছেন এক নারী যাত্রী। খবর জানাজানি হতেই বাকি যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মাঝ আকাশ থেকে ফের কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ারএশিয়ার একটি বিমান। বিমানটি কলকাতা থেকে মুম্বাই যাচ্ছিল। সূত্রের খবর, কিছুটা যাওয়ার পরেই মোহিনী মণ্ডল নামের বছর ২৫ য়ের এক যাত্রী এক বিমানকর্মীকে এক টুকরো কাগজ পাইলটের কাছে পৌঁছে দিতে বলে। সেই কাগজে লেখা ছিল, তার শরীরে বোমা বাঁধা আছে। যে কোনো সময়ে বোমার বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিতে পারে বিমানটিকে। হুমকি পাওয়ার পরেই জরুরি অবতরণ করেন পাইলট। পরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে বিমানটি যাত্রা করে। এক ঘণ্টা পরই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। —এনডিটিভি
