আত্মসমর্পণের পর মোর্শেদ কারাগারে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০০:৩৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি মোর্শেদ অমত্য ইসলাম আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তার জামিন চেয়ে আবেদন করা হলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গতকাল রবিবার সকালে ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এই আদেশ দেন। মামলার নথি অনুযায়ী এখনো তিন আসামি মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তফা রাফিদ পলাতক রয়েছেন।

গত বছরের ১৩ নভেম্বর হত্যার অভিযোগে ২৫ জনকে আসামি করে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। ১৮ নভেম্বর চার্জশিটে উল্লেখিত পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আসামিরা গ্রেফতার না হওয়ায় গত ৩ ডিসেম্বর আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তামিল প্রতিবেদন দাখিলের চলতি বছরের ৫ জানুয়ারি দিন ধার্য করা হয়। গত ৫ জানুয়ারি ক্রোক সংক্রান্তে তামিল প্রতিবেদন আসায় মামলার পলাতক চার আসামিকে আদালতে আত্মসমর্পণের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ১৩ জানুয়ারি ঐ সংক্রান্ত বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এর একদিন আগেই আদালতে আত্মসমর্পণ করলেন ঐ আসামি।