পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন স্পট শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চায় বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হবে। বে অব বেঙ্গল রিজিওনাল কানেকটিভিটি’র অংশ হিসেবেই এই পদক্ষেপ। সম্প্রতি আঞ্চলিক যোগাযোগে থিমাটিক গ্রুপ এবং বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের বাস্তবায়ন হবে। ঢাকা ঐ বৈঠকে ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে আগ্রহ দেখায়। কারণ বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মোটর ভেহিকেল এগ্রিমেন্ট (এমভিএ) বাস্তবায়নে বিলম্ব হয়েছে ভুটানের কারণে। ভুটান সাময়িকভাবে এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল। এক কর্মকর্তা বলেছেন, আমরা পরিকল্পনা করছি ঢাকা-শিলিগুড়ি-গ্যাংটক (সিকিম) এবং ঢাকা-শিলিগুড়ি-দার্জিলিংয়ের মধ্যে বাস যোগাযোগ চালু করার। যদিও এটা প্রাথমিক পর্যায়ে আছে। ভারত ও বাংলাদেশের সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী, যোগাযোগের ক্ষেত্রে সীমান্তে বাস পরিবর্তন করার প্রয়োজন পড়ে। নতুন চুক্তিতে সেটা করতে হবে না।
