ট্রাম্পকে সরাতে সব অর্থ খরচ করতে প্রস্তুত : ব্লুমবার্গ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০০:৫২

মার্কিন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাতে তিনি তার সব অর্থ খরচ করতে প্রস্তুত। তিনি শনিবার টেক্সাসে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বাসে বসে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমার প্রধান লক্ষ্য হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প থেকে দেশকে রক্ষা করা। এজন্য আমি আমার সমুদয় অর্থ খরচ করতেও প্রস্তুত’। আগামী ৩ মার্চ সুপার টুয়েসডেতে ভোট হবে ১৪টি রাজ্যে। এর মধ্যে টেক্সাস একটি। মার্কিন ডেমোক্র্যাট দলের অন্য প্রার্থীরা অভিযোগ করেছেন, ব্লুমবার্গ মার্কিন গণতন্ত্রকে কিনতে চাইছেন। ব্লুমবার্গ জনমত জরিপে দলের মধ্যে পঞ্চম স্থানে আছেন। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, মঙ্গলবার সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের বিচার শুরু করবেন। তিনি এবিসি নিউজকে বলেন, বিচারে সাক্ষীদের সাক্ষ্য নেওয়ায় সমর্থন না দেওয়ায় রিপাবলিকানদের একসময় মূল্য দিতে হবে।