৪ মাস মাঠের বাইরে সুয়ারেজ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৫:৫৮

বার্সেলোনার তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে। তার ডান হাঁটুতে অস্ত্রোপচারের পর ক্লাবের পক্ষ থেকে রবিবার রাতে এ খবর জানানো হয়।

 

গত বছর মে মাসেও এই ডান হাঁটুতেই অস্ত্রোপচারের কারণে সুয়ারেজ দুটি লিগ ম্যাচসহ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলতে পারেননি। এর আগে ২০১৪ সালের মে মাসেও তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। ওই বছর জুনে বিশ্বকাপের মাধ্যমে ফিরেছিলেন মাঠে।

 

গত বৃহস্পতিবার জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিলেন সুয়ারেজ।

 

এবারের মৌসুমে ৩২ বছর বয়সী সুয়ারেজ বার্সেলোনার হয়ে ২৩টি ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন। এর মধ্যে ১১টি লিগ ম্যাচে এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগে। লা লিগায় এ পর্যন্ত সাতটি গোলে সহযোগিতা করেছেন। লা লিগায় বর্তমানে শীর্ষে রয়েছে বার্সেলোনা। আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট নাপোলি।

 

ইত্তেফাক/এএম