শিশুদের জন্য বেশ আনন্দ নিয়ে কাজটি করছি:রাফি হোসেন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২০:০৩

বিনোদন রিপোর্ট

অনেকদিন পর আবারো অভিনয় করছেন রাফি হোসেন। দুরন্ত টিভির জন্য নির্মিত ‘বোকাভূত’ শিরোনামে একটি নাটকে অভিনয় করছেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত এই নাটকে ‘ভূত বিশেষজ্ঞ’ চরিত্রে অভিনয় করবেন রাফি। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘দুরন্ত টিভিতে ৩০ দিনে ৩০ পর্বের নাটক প্রচারিত হবে। সেই প্রজেক্টের একটি নাটক ‘বোকাভূত’। শিশুদের জন্য বেশ আনন্দ নিয়ে কাজটি করছি। নাটকের নির্মাতা অনিমেষ আইচ যখন গল্পটি শোনায় তখনই বেশ ভালো লাগে। সেজন্যই এতদিন পর আবারো কাজ করা।’ নাটকের নিয়মিত না হওয়া প্রসঙ্গে রাফি আরো বলেন, ‘আমি পেশাদার অভিনেতা নই। তাই স্ক্রিপ্ট খুব ভালো লাগলে কাজটি করি, না হলে নয়। আর যদি পেশাদার অভিনেতা হতাম, তাহলে হয়তো স্ক্রিপ্ট পছন্দ না হলেও কাজ করতে হতো।’ রাফি হোসেন ছাড়াও এই নাটকে আরো অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা প্রমুখ।

অন্যদিকে, চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের জন্য ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পান রাফি হোসেন। এই সম্মাননা প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্মাননা সব সময় আনন্দ দেয়। পাশাপাশি সম্মান ও দায়িত্বের জায়গাটাকে আরো বাড়িয়ে দেয়। আমি কৃতজ্ঞ সংশ্লিষ্টদের প্রতি, যারা আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য যোগ্য মনে করেছেন। ফরিদুর রেজা সাগর ভাইয়ের বাবার নাম ফজলুল হক। বাংলাদেশের যখন সিনেমা সেভাবে নির্মাণ করা হতো না, সেই সময় তিনি চলচ্চিত্র সাংবাদিকতা শুরু করেন। তার স্মরণে এই পুরস্কারটি আসলেই আমাকের অনেক সম্মানিত করেছে।’