g ইত্তেফাক রিপোর্ট
তৈরি পোশাক খাতে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম বা গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্যের পোশাক প্রস্তুতকারকদের কাছে তুলে ধরতে ১১ বারের মতো গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং এক্সপজিশন (গ্যাপেক্সপো)-২০২০ শুরু হচ্ছে আগামীকাল বুধবার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী এ আয়োজন চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। গতকাল রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিপিএমইএ) সভাপতি মো. আব্দুল কাদের খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে ২০টি দেশের ২৭০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। গার্মেন্টেক ও গ্যাপেক্সপো প্রদর্শনীতে পোশাক খাতের সরঞ্জাম ও মোড়কিকরণ সামগ্রী তৈরির যন্ত্র, সেলাই মেশিন, অ্যামব্রয়ডারি, ডাইং, প্রিন্টিং কাটিং, ক্যাড-ক্যাম, স্প্রেডিং যন্ত্র প্রদর্শন করবে প্রতিষ্ঠানগুলো।
বিজিএপিএমইএর সভাপতি আব্দুল কাদের খান বলেন, তৈরি পোশাক খাতের রপ্তানিতে গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্যের অবদান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশীয় উদ্যোক্তারা গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্যের ৯৫ শতাংশ চাহিদা পূরণ করতে সক্ষম।
বিজিএপিএমইএ, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রা. লিমিটেড এবং জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল যৌথভাবে মেলার আয়োজন করছে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। সূত্র মতে, গত ২০১৮-১৯ অর্থবছরে প্রচ্ছন্ন (ডিমএক্সপোর্ট) রপ্তানি করে এ খাতের উদ্যোক্তারা আয় করেন ৭ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থ বছর ছিল ৭ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে সরাসরি গার্মেন্টস এক্সেসরিজ রপ্তানি হয়েছে এক বিলিয়ন ডলারের বেশি।
