বিদেশে অর্থ ব্যয়ের সীমা বাড়ল আইটি কোম্পানির

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২০:৫৭

 ইত্তেফাক রিপোর্ট

দেশের যে কোনো আইটি বা সফটওয়্যার ফার্ম বিদেশে ব্যাবসায়িক কাজে বছরে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৪০ হাজার ডলার ব্যয় করতে পারবে। এর আগে এ সীমা ছিল ৩০ হাজার ডলার। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইটি বা সফটওয়্যার ফার্মগুলো তাদের ব্যাবসায়িক কাজে যেমন বিদেশ ভ্রমণ, কোনো এক্সপোর্ট প্রদর্শনী ও সেমিনারে অংশ নেওয়া, নতুন অফিস খোলা বা তার পরিচালনা, কাঁচামাল আমদানি, মেশিনারিজ আমদানির মতো কিছু বিষয়ে দেশের বাইরে ৪০ হাজার ডলার ব্যবহার করতে পারবে। তবে এক বছরে এর চেয়ে বেশি খরচ করা যাবে না। এছাড়া কার্ডে আন্তর্জাতিক লেনদেনের সময় ৮ হাজার ডলার ব্যবহার করতে পারবে, যা আগে ছিল ৬ হাজার ডলার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোম্পানির প্রকৃত প্রয়োজনেই এসব খরচ করতে পারবে। তবে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কত খরচ করতে পারবে সে বিষয়ে কোনো সীমা নির্ধারিত থাকবে না। অন্যদিকে রয়্যালিটি, টেকনিক্যাল নলেজ ও অ্যাসিসট্যান্স, ফ্যাঞ্চাইজি ফি বাবদ বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রেমিট্যান্স পাঠানোর প্রয়োজন হলে বিনিয়োগ উন্নয়ন বোর্ড থেকে যথাযথভাবে অনুমোদন নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে অথরাইজড ডিলারদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।