প্রথমবারের মতো বাংলাদেশের সাধারণ মানুষ ৫-জি অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পেতে যাচ্ছে। হুয়াওয়ে আগামী ১৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০’-এ এই সুযোগ করে দিচ্ছে মেলার টাইটেনিয়াম সহযোগী হুয়াওয়ে।
তিন দিনব্যাপী এই মেলায় আগত দর্শনার্থীরা হুয়াওয়ের প্যাভিলিয়নে সরাসরি ৫-জি স্পিড ও লো-ল্যাটেন্সি অভিজ্ঞতা নিতে পারবেন। এছাড়াও আকর্ষণ হিসেবে আনা হয়েছে বিশেষ একটি রোবট যাকে হাতের ইশারায় পরিচালনা করে খেলা যাবে ফুটবল। ৫-জি প্রযুক্তিতে কত দ্রুত হিউম্যান টু মেশিন কিংবা মেশিন টু মেশিন কমিউনিকেশন সম্ভব তা তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ আগামী ১৬ জানুয়ারি এই মেলার উদ্বোধন করবেন। ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, উপযোগী মানব সম্পদ সৃষ্টি, ডিজিটাল প্রযুক্তির আধুনিক সংস্করণের সঙ্গে জনগণের সেতুবন্ধ তৈরি এবং ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরাই ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’র অন্যতম প্রধান লক্ষ্য।
২০১৮ সালের ২৫ জুলাই বাংলাদেশে ৫-জি সেবা পরীক্ষায় মুখ্য ভূমিকা পালন করেছিল হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। হুয়াওয়ে সারা বিশ্বে শীর্ষস্থানীয় ৫-জি প্রযুক্তি ও সেবাদাতা হিসাবে স্বীকৃত। ৫-জির অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় গত ১০ বছর কাজ করছে হুয়াওয়ে, আর এজন্য এরই মধ্যে ব্যয় করেছে চার বিলিয়ন মার্কিন ডলার। নভেম্বরের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক ৫-জি পেটেন্ট রয়েছে হুয়াওয়ের কাছে।—প্রেস বিজ্ঞপ্তি
