সুজাপুর প্রাথমিক বিদ্যালয়
আশরাফ-উজ-জামান খান, কেশবপুর (যশোর) সংবাদদাতা
কেশবপুরের সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। এতে তাদের শরীর চর্চা ও খেলাধুলায় ব্যাঘাত ঘটছে। সরেজমিনে সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের পানির ভেতর নেমে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাছাড়া পানির ভেতর দিয়ে তাদের যেতে হচ্ছে শৌচাগারে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, কেশবপুরের নদ-নদী দিয়ে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হয়ে বিলে পানি বৃদ্ধি পেয়ে স্কুলের মাঠে উঠে এসেছে। গত ১৫ দিন ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
স্কুলের শিক্ষার্থী জাকারিয়া, নাইম, জিনিয়া, রাকিবুল, নাদিয়া ফাইম, হানিফ ও সিয়াম বলে, বছরের শুরুতে নতুন বই পেয়ে খুশি হয়েছি। কিন্তু স্কুলের মাঠে পানি থাকায় কোনো খেলাধুলা করতে পারছি না। আমাদের শ্রেণিকক্ষেই বসে থাকতে হচ্ছে।
স্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা বলেন, বিলে পানি বৃদ্ধি পেয়ে স্কুলমাঠে উঠে এসেছে। এতে শিক্ষার্থীদের নানামুখী সমস্যাসহ মাঠে খেলাধুলা করতে পারছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, মত্স্য ঘেরের পানি সেচ দিয়ে বিলের ভেতর ফেলার কারণে স্কুল মাঠে পানি উঠে এসেছে। এ সময় ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় অর্থ না থাকায় মাঠ মাটি দিয়ে উঁচু করা সম্ভব হচ্ছে না।
এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, বিষয়টি দেখেছি। মাঠ থেকে পানি সরে না যাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. আলমীগর বলেন, দীর্ঘদিন স্কুলের মাঠে পানি জমে থাকলে শিক্ষার্থীরা সর্দি কাশিতে আক্রান্ত হতে পারে। তাছাড়া এডিস মশাসহ লার্ভাও বৃদ্ধি হতে পারে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আব্দুর জব্বার সরদার বলেন, স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঐ স্কুলের মাঠটি উঁচু করার ব্যবস্থা নেওয়া হবে।
