নেত্রকোনার সাত বালুমহাল থেকে রাজস্ব বাড়ছে কয়েকগুণ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:১৯

শ্যামলেন্দু পাল, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা ও নেত্রকোনা সদর উপজেলার সাতটি বালুমহালের ইজারায় সরকার এ বছর অকল্পনীয়ভাবে চার গুণেরও বেশি রাজস্ব পেয়েছে। যা অতীতে কোনোদিন হয়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সাতটি ছোটো-বড়ো বালুমহালের ইজারা গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, বাংলা ১৪১৬ সালে এই সাতটি বালুমহাল থেকে মাত্র ২০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। আবার ১৪১৭ সালে তা কমে গিয়ে দাঁড়িয়েছিল ৯ লাখ টাকায়। ১৪১৮ সালে বেড়ে দাঁড়ায় সাড়ে ১৪ লাখ টাকা, ১৪১৯-এ দাঁড়ায় ১৮ লাখ টাকায়, ১৪২০-এ ২১ লাখ টাকা,  ১৪২১ সালে দাঁড়ায় ২৬ লাখ ৬৮ হাজার টাকায়, ১৪২২ সালে আশাতীতভাবে বেড়ে হয় ৩ কোটি ১৫ লাখ টাকা, ১৪২৩ সালে দাঁড়ায় ৩ কোটি ২০ লাখে, ১৪২৪-এ দাঁড়ায় সাড়ে ৬ কোটিতে, ১৪২৫-এ কমে গিয়ে দাঁড়ায় সাড়ে ৪ কোটিতে। কিন্তু চলমান বছরে অর্থাত্ ১৪২৬ সালে ইজারা মূল্য দাঁড়ায় ১৩ কোটি ৩৭ লাখ টাকায়, যা ছিল অকল্পনীয়। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবং ডাককারী ইজারাদারদের চমকে দিয়ে এবার সাতটি বালুমহালের হাজারা বা সরকারের রাজস্ব বেড়ে দাঁড়ায় ৫৭ কোটি ২২ লাখ টাকা। বালুমহালের জন্য জেলা প্রশাসনের কাক্ষিত ইজারা মূল্য ছিল মাত্র ১৫ কোটি ২২ লাখ টাকা।

একজন ইজারাদার এমদাদুল হক ভুইয়া বলেন, সরকারি ডাকে হাজারা মূল্য যা দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি মূল্যে তিনি ডাক দিয়ে ইজারা পেয়েছেন। লাভ-লোকসান আল্লাহর হাতে। নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, সরকারের রাজস্ব আদায়ে জেলা প্রশাসন গতবারের মতো এবার সচেষ্ট ছিল। বালুমহালের গুরুত্ব বুঝে এবার তারা ইজারা মূল্য বাড়িয়েছিলেন। তারা কোনো প্রভাবশালী মহলের কাছে মাথা নত না করে সরকারের রাজস্ব বাড়ানোর জন্য কাজ করেছে। কিন্তু এত বেশি হবে এটা অকল্পনীয়। নেত্রকোনার সাতটি বালুমহালের ১৩ কোটি টাকার ইজারার ডাক উঠেছে ৫৭ কোটি টাকা ২২ লাখ টাকা ! এটা একটা ম্যাজিক। সরকারের রাজস্ব বেড়েছে চার গুণেরও বেশি। এটাই বড়ো কথা।

 যে সাতটি বালুমহাল ইজারা দেওয়া হয়েছে—সেগুলো হলো:দুর্গাপুর উপজেলার বিজয়পুর ও ভাবনীপুর হতে দুর্গাপুর তেরীবাজার ঘাট ও শিবগঞ্জ বাজার ঘাট পর্যন্ত বালুমহাল, দুর্গাপুর তেরীবাজার ঘাট হতে চৈতাটী পর্যন্ত, দুর্গাপুর বিরিশিরি ঘাট হতে কেরনখলা পর্যন্ত বালুমহাল, দুর্গাপুর উপজেলাধীন গাঁওকান্দিয়া মৌজার উত্তর সীমানা হতে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, দুর্গাপুর উপজেলাধীন ঝাঞ্জাইল হতে উত্তর শংকরপুর পর্যন্ত, কলমাকান্দা উপজেলাধীন ওমরগাঁও, হাসানোয়াগাঁও এবং বিশাউতি বালুমহাল এবং নেত্রকোনা সদর উপজেলাধীন গোসমাই নদী বালুমহাল।