ডিমলায় অগ্নিদগ্ধ শিশু বৃষ্টি হাসপাতালে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:২০

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

শীতের মধ্যে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৯ বছরের শিশু বৃষ্টি আক্তার ডিমলা হাসপাতালে মৃত্যুশয্যায়। তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে।

জানা গেছে, উপজেলার গয়াযবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (উকিল পাড়া) গ্রামের প্রতিবন্ধী আতাউর রহমানের মেয়ে ও দক্ষিণ খড়িবাড়ী মুক্তা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী বৃষ্টি আক্তার। গত শুক্রবার সন্ধ্যায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের সময় তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ বৃষ্টিকে রাতেই ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার অগ্নিদগ্ধ বৃষ্টিকে দেখতে হাসপাতালে যান ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানি রায়। এ ব্যাপারে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানি রায় বলেন, অগ্নিদগ্ধ অসহায় শিশু বৃষ্টিকে দেখতে ডিমলা হাসপাতালে গিয়েছিলাম। তার উন্নত চিকিত্সার জন্য যাবতীয় ব্যবস্থা করার চেষ্টা করছি।